৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, সামরিক মর্যাদায় দাফন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শান্তিরক্ষীদের মরদেহ পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। তাদের মরদেহ দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইয়ে মোতায়েনরত ইউনিসফার মিশনের ফোর্স কমান্ডারের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই সন্ত্রাসী হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।