পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ বিষয়ে বুধবার (২৪ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। প্রজ্ঞাপনে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত দাবির চাপের মুখে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন।
খোদা বকশ চৌধুরী গত বছরের ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।
এর আগে অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন প্রখ্যাত গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত।
অধ্যাপক আলী রীয়াজ ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে কর্মরত। রাজনৈতিক গবেষণা ও গণতন্ত্র বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচন ও গণভোটকেন্দ্রিক প্রচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।