জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে আজ মঙ্গলবার (২ জুন) ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসের বিরুদ্ধে।
প্রায় ৪০ বছর পর আবারও এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। সর্বশেষ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
এরপর দীর্ঘ সময় এ পদে আর প্রতিদ্বন্দ্বিতা করেনি বাংলাদেশ। প্রায় চার বছর আগে ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় বাংলাদেশ।
পরবর্তীতে রাজনৈতিক ও কূটনৈতিক নানা পরিস্থিতির কারণে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে বাংলাদেশ প্রার্থীতা ঘোষণা করলেও পরে ফিলিস্তিনও একই পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে। মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হওয়ার আশঙ্কায় বিষয়টি নিয়ে তখন কূটনৈতিক দোটানায় পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
এরপর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ নতুনভাবে প্রার্থী চূড়ান্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়। বর্তমানে তিনি সাইপ্রাসের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচনটি গোপন ব্যালটের মাধ্যমে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটে অনুষ্ঠিত হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই সভাপতি নির্বাচিত হন।
বাংলাদেশের পক্ষ থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে এবং জয় পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।