গত ১৫ বছরে প্রকৃত অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে প্রকৃত অর্থে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ফলে ৩০ বছরের নিচে বা আশপাশের বিপুল সংখ্যক মানুষ কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সরকার আশা করছে, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হলো—প্রতিটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে পায় এবং নিজের ইচ্ছামতো ভোট দিতে পারে। এই সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলেও তিনি স্পষ্ট করেন।
তৌহিদ হোসেন আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে, তার পেছনে তরুণদের আত্মত্যাগ রয়েছে। তাদের দাবির আলোকে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের একটি তালিকা তৈরি করা হয়েছে, যা প্রথমবারের মতো জনগণের সামনে উপস্থাপন করা হবে।
তিনি জানান, এসব পরিবর্তন নিয়ে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত পরিবর্তনের সঙ্গে জনগণ একমত হলে ‘হ্যাঁ’ এবং একমত না হলে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। জনগণের মতামতের ভিত্তিতেই পরবর্তী নির্বাচিত সরকার এসব পরিবর্তন বাস্তবায়নের দায়িত্ব নেবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে আবার স্বাভাবিক পথে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। পরবর্তী সংসদ এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোটের গাড়িটি আগামী দুই দিন ভোলার বিভিন্ন উপজেলায় জনসচেতনতা কার্যক্রম চালাবে।