‘আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি জানান, মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেকও উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারদের জবানবন্দি, উদ্ধার করা আলামত ও সার্বিক তথ্য বিশ্লেষণ করে তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত বা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার মতো কোনো কাজ করা উচিত নয়। তিনি আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।