হাদির রুহের মাগফিরাতের জন্য দেশব্যাপী বাদ জুমা দোয়া ও খুতবার আহ্বান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

ছবি: সংগৃহীত

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী আজ শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুমা দোয়া ও মোনাজাত এবং বিশেষ খুতবা প্রদানের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঞ্চের ফেসবুক পেজে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এই আহ্বান জানানো হয়।

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

এই ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এর মধ্যে অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে প্রদান করা হবে। পাশাপাশি ডিএমপি জানিয়েছে, ভারতে পালিয়ে থাকা মূল খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495