সংসদ নির্বাচন

মনোনয়ন বাছাই শেষ, ৩০০ আসনে লড়বেন ১,৮৪২ প্রার্থী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭২৩ জন প্রার্থীর। নির্বাচন কমিশন (ইসি) রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি জানায়, এবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৬ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।

ইসির তথ্য অনুযায়ী, ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলের ৩৩টি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে ২৭৯টি। এর মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল হয়। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি মনোনয়নপত্র জমা পড়ে, বৈধ হয় ১৮৫টি এবং বাতিল হয় ৭৪টি।

খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৯৬ জনের প্রার্থিতা বৈধ এবং ৭৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬২ জন মনোনয়নপত্র জমা দিলে বৈধ হন ১৩১ জন, বাতিল হয় ৩১ জনের।

ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনের বিপরীতে ৩১১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৯৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং ১২২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ঢাকা অঞ্চলের ৪১টি আসনে ৪৪২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৩০৯টি বৈধ ও ১৩৩টি বাতিল হয়।

ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২ জন মনোনয়নপত্র জমা দিলে ৯৬ জনের প্রার্থিতা বৈধ এবং ৪৬ জনের বাতিল ঘোষণা করা হয়। সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬ জন মনোনয়নপত্র জমা দেন, এর মধ্যে ১১০ জন বৈধ ও ৩৬ জনের মনোনয়ন বাতিল হয়।

কমিল্লা অঞ্চলের ২৫টি আসনে ৩৫৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ২৫৯টি বৈধ ও ৯৭টি বাতিল হয়। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের বিপরীতে ১৯৪ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ১৩৮ জনের মনোনয়ন বৈধ এবং ৫৬ জনের বাতিল ঘোষণা করা হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার বিকেল ৫টায় মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495