আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ছিল আপিল গ্রহণের প্রথম দিন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম দিনেই কমিশনে মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা হয়েছে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জমা পড়েছে একটি আপিল আবেদন।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যেসব আসন থেকে আপিল করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—লালমনিরহাট-১, রংপুর-১, রংপুর-৪, বগুড়া-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, রাজশাহী-৫, নাটোর-১, যশোর-৫, নড়াইল-১, বাগেরহাট-১, খুলনা-৬, পটুয়াখালী-৩, টাঙ্গাইল-১, কিশোরগঞ্জ-১ ও ৪, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৩, ঢাকা-৯, ঢাকা-১৮, গাজীপুর-১, ২ ও ৩, গাজীপুর-৫, নরসিংদী-১ ও ৪, নারায়ণগঞ্জ-৪, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১ ও ৩, কুমিল্লা-১ ও ৯, চাঁদপুর-২, ফেনী-১, চট্টগ্রাম-১১ এবং কক্সবাজার-২ আসন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল দায়েরের এ কার্যক্রম আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে এসব আপিল শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।