তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপ চেয়ারম্যান সালমা ইসলামের সাক্ষাৎ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় তার সঙ্গে যমুনা গ্রুপের পরিচালকবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।
সাক্ষাৎকালে যমুনা গ্রুপের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। এ সময় খালেদা জিয়ার গৌরবময় রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন সালমা ইসলাম।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করেন এবং দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি যমুনা গ্রুপের চলমান ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রমের খোঁজখবর নেন।
সাক্ষাতে চব্বিশের গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যমুনা গ্রুপের গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান।
এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম এবং এস এম আব্দুল ওয়াদুদ।