শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। হত্যার নির্দেশদাতা ছিলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, হাদিকে গুলি করে হত্যার পেছনে মূল কারণ ছিল তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী অবস্থান।

হত্যার ঘটনায় মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজন পলাতক রয়েছেন। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওবার্তাও তদন্তে প্রমাণ হিসেবে দেখা গেছে।

ডিবির তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিন দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495