ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য থাকবে, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী। এছাড়া ৩ জন অস্ত্রধারীর মধ্যে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে, যেখানে প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১,৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবে। উপদেষ্টা বলেন, আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে এবং কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে হবে।

তিনি জানান, গত আগস্ট মাস থেকে নির্বাচনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের সুপরিকল্পিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় ৪.৫ লক্ষাধিক সদস্য STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। আনসার-ভিডিপি তৃণমূল সদস্যদের জন্য ‘সঞ্জীবন’ প্রকল্প, ওয়েলফেয়ার ট্রাস্ট, উন্নয়ন ব্যাংক ও কো-অপারেটিভের মাধ্যমে সদস্য ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম চালানো হচ্ছে।

পাসিং আউট প্যারেডে মোট ৩,২৩৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যার মধ্যে ৪১তম বিসিএস আনসার ক্যাডারের কর্মকর্তা সহকারী পরিচালক শামীম রেজা সহ চার ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সকল উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে উঠবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495