জাতীয় নির্বাচনে তরুণ ভোটারের সমর্থনে এগিয়ে জামায়াত: চারটি প্রতিষ্ঠানের জরিপ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে ১৮-২৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে জামায়াতে ইসলামী। এটি প্রকাশ করেছে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভের যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রি-ইলেকশন পালস’ জরিপ।

১২ জানুয়ারি সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এন্ড ডিপ্লোম্যাসির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন জরিপ উপস্থাপন করেন।

জরিপে দেখা গেছে, তরুণ ভোটারের মধ্যে জামায়াতের সমর্থন সর্বোচ্চ ৩৩.৬ শতাংশ। স্নাতকোত্তর শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে দলটির সমর্থন ৩৭.৪ শতাংশ, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। এছাড়া ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান শক্তিশালী।

জাতীয় পর্যায়ে সম্ভাব্য ভোটের বণ্টন হিসেবে দেখা গেছে- বিএনপি ৩৪.৭%, জামায়াত ৩৩.৬%, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭.১%, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১% এবং অন্যান্য দল ৪.৫%। তবে ১৭ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি। মেশিন লার্নিং প্রজেকশনের ভিত্তিতে সিদ্ধান্তহীনদের ঝোঁক বিবেচনা করলে বিএনপির সমর্থন ৪৩.২% এবং জামায়াতের সমর্থন ৪০.৮% পর্যন্ত পৌঁছাতে পারে।

বিএনপির সমর্থকরা অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতার কারণে দলকে সমর্থন করছেন। অন্যদিকে, জামায়াতের সমর্থকরা দলকে কম দুর্নীতিগ্রস্ত ও সততার জন্য বেছে নিচ্ছেন। বিশেষ করে তরুণ ও উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বেশি।

এদিকে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করার পেছনে ৩৬.৭% মানুষ ‘জুলাই বিপ্লবের ভূমিকা’কে মূল কারণ হিসেবে দেখছেন। জরিপ অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচন হবে অভিজ্ঞতা ও অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তিক ভোট (বিএনপি) এবং সততা ও ন্যায়বিচার ভিত্তিক ভোট (জামায়াত)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই।

উপস্থিত বিশ্লেষক ও অতিথিরা বলেন, ভোটাররা প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495