নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও পর্যবেক্ষণে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলাদেশের নির্বাচনে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দিল্লি। অন্তর্বর্তী সরকারের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন বলে জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এবারের নির্বাচনে অংশ নিতে যাওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনো তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495