ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না এবং কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং এটি সন্তোষজনক। “আমাদের প্রধান চ্যালেঞ্জ এখন হলো ভোটকে পারফেক্ট করা। ভোট যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সেটাই আমাদের লক্ষ্য,” প্রধান উপদেষ্টা বলেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট উৎসবমুখর হবে, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং মানুষ পুরো পরিবার নিয়ে অংশগ্রহণ করবেন।
নিরাপত্তার জন্য পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭শটি ক্যামেরা ব্যবহার করা হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা রেন্ডমভাবে পাঁচটি কেন্দ্র পরিদর্শন করে বডি ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন।
শফিকুল আলম আরও জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু আছে। এটি শুধুমাত্র নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সিকিউরিটি অফিসার ব্যবহার করবেন। কোনো কেন্দ্রের ভিতরে বা বাইরে গন্ডগোল বা সহিংসতা ঘটলে, অ্যাপের মাধ্যমে তা দ্রুত সংশ্লিষ্ট সিকিউরিটি ফোর্স, রিটার্নিং অফিসার এবং ইলেকশন কমিশনের কাছে পৌঁছে যাবে। এর ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
প্রেস সচিবের মতে, এই অ্যাপটি আগে দুর্গাপূজা উৎসবে সফলভাবে ব্যবহার করা হয়েছিল। ৩২ হাজার মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল এবং এটি কার্যকরভাবে কাজ করেছে।