খাগড়াছড়িতে উত্তেজনা অব্যাহত: ১৪৪ ধারা বহাল, নিহত ৩ যুবকের মরদেহ হস্তান্তর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। এ ঘটনার জেরে সৃষ্ট সহিংসতা ও উত্তেজনায় পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যদিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়, তবুও যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। সীমিত আকারে কিছু যানবাহন চলাচল করলেও জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে আছে।
এদিকে, রোববার গুইমারায় সহিংসতায় নিহত তিন যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মরদেহ রাতেই দাহক্রিয়া সম্পন্ন করা হয় বলে নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে।
উল্লেখ্য, শনিবার থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর ও জিরো মাইল এলাকায় কড়াকড়ি নিরাপত্তা পোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে। রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় স্থানীয়রা একটি ক্ষেত থেকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
পরদিন সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীল (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশ। আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।