ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ ইসির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহন করে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া কেউই মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

চিঠিতে উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য—এই তিন শ্রেণির কর্মকর্তা ও সদস্যরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এ ছাড়া অন্য সবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা প্রকাশের পর থেকেই সাংবাদিকদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, চিঠির ভাষ্য অনুযায়ী সংবাদকর্মীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিম গণমাধ্যমকে জানান, চিঠির ভাষা অনুযায়ী সাংবাদিকরাও এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। তবে বিষয়টি স্পষ্ট করতে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, যদি সিদ্ধান্তে সাংবাদিকদের ছাড় দেওয়ার বিষয়টি থাকে, তাহলে এ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হবে। আর যদি সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তাহলে কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

এই নির্বাচন উপলক্ষে সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। ভোট গ্রহণের জন্য মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় গোপন বুথের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495