নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার আহ্বান স্ত্রীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১১ আসনে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। তিনি স্পষ্ট ভাষায় অনুরোধ জানিয়েছেন—কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যেন নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করে।

সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় নিজেকে জুলাই বিপ্লবের শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয় দিয়ে এক নারী একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। ওই নারীর প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান রাবেয়া ইসলাম শম্পা। তিনি লেখেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সবাই জানতেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাই কোনো রাজনৈতিক দল যেন তাদের সুবিধার জন্য তাঁর নাম ব্যবহার না করে—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, ওসমান হাদির আদর্শ অনুসরণ করতে কারও কোনো বাধা নেই। তবে দলীয় স্বার্থে তাঁর পরিচয় বা পরিবারের নাম ব্যবহার করা অনুচিত।

দল নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শম্পা বলেন, অনেক রাজনৈতিক দল যাচাই-বাছাই না করেই কাউকে শহীদ ওসমান হাদির পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করছে, যা দুঃখজনক। ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ বরাবরই বলে এসেছে—দল দেখে নয়, যোগ্যতা বিবেচনায় নিয়ে ভোট দিতে হবে, প্রার্থী যে দলেরই হোক না কেন।

পোস্টের শেষাংশে তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজ বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করতে ভুল না করার অনুরোধও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495