দু-এক দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে: প্রেস সচিব

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়ে প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা এটি পাবেন। আমার জানা মতে, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট জমা দিয়েছেন। এক-দুই দিনের মধ্যেই এটি পাবলিক করা হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে এলেও এখনো তা প্রকাশ হয়নি।

এ নিয়ে অর্থনীতিবিদ ও দুর্নীতিবিরোধী সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন সময় হতাশা প্রকাশ করে বলেছেন, দুর্নীতিবিরোধী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের একটি বড় সুযোগ থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে কয়েক দফা রদবদলের মাধ্যমে বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদবিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে আয় ও সম্পদের বিবরণী জমা ও প্রকাশের বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অধিকাংশ উপদেষ্টাই তদের সম্পদের বিবরণী ইতোমধ্যে জমা দিয়েছেন। এখন তা প্রকাশের অপেক্ষায় রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495