নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এ কারণে সাভার এলাকায় ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড়। দক্ষিণ ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাসে ভোট দিতে নিজ নিজ গন্তব্যে যাওয়ার মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভার বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি যাত্রী। যাত্রীরা জানান, ঈদ ছাড়া সাধারণত এমন ভিড় মহাসড়কে দেখা যায় না।

সাভার বাসস্ট্যান্ডের পাকিজা পয়েন্টে কথা হয় দিনাজপুরগামী যাত্রী সুলতান মিয়ার সঙ্গে। তিনি জানান, তার দুই মেয়ে সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত। ভোট দিতে তারা গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাচ্ছেন। ব্যাগ-ব্যাগেজ বেশি থাকায় দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো বাসে উঠতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি জনপ্রতি অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেন এই বৃদ্ধ।

একই স্থানে অপেক্ষমাণ তানজিল ও তার স্ত্রী কুলসুম আকতার জানান, তারা সাভারের একটি ডায়িং কারখানায় কাজ করেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা এই দম্পতি ভোট দিতে গ্রামে যাচ্ছেন। তবে বাস সংকটের কারণে এক ঘণ্টার বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন।

রংপুরগামী একটি বাসের চালক আয়নাল হক বলেন, নির্বাচন উপলক্ষে এত যাত্রীচাপ হবে তা আগে থেকে ধারণা করা যায়নি। ফলে বাস সংকট তৈরি হয়েছে।

এদিকে সাভার বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের মালিক রমিজ উদ্দিন জানান, সোমবার ও মঙ্গলবার দুই দিন ধরেই যাত্রীর চাপ ছিল। সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, হেমায়েতপুর, বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর ও জিরানিসহ বিভিন্ন এলাকায় যানবাহন থেমে থেমে চলেছে।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল জানান, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ ছিল অস্বাভাবিক, যা সাধারণত ঈদের সময় দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495