তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আন্তরিক অভিনন্দন। জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে বলে তিনি আশা করেন।
তিনি আরও স্মরণ করেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা খালেদা জিয়া-র আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সুসমন্বিত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের গঠনমূলক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তার সকল উদ্যোগ সফল হোক—এই কামনা করেন প্রধান উপদেষ্টা। মহান আল্লাহ তাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন বলেও প্রার্থনা জানান তিনি।