ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
সরকার মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন এনে ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে এবং এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা আদেশে ড. শেখ আব্দুর রশীদকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে ১৪ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এদিকে নতুন করে এখনো কাউকে স্থায়ীভাবে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে পাঠানো হয়েছে।