নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ১৩ দেশের সরকারপ্রধান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশি-বিদেশি পর্যায়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কূটনৈতিক সূত্র জানায়, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে— চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।

জানা গেছে, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করেই এ আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। প্রচলিত নিয়ম ভেঙে এবার শপথ হবে না বঙ্গভবন-এ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়।

একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার এবং প্রটোকল ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495