পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র দাখিল করেন।
এর আগে সকালে বাংলাদেশ পুলিশ-এর সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি পুলিশ সদর দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। পদত্যাগ গৃহীত হলে ভারপ্রাপ্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এর আগে অন্তর্বর্তী সরকার বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। তার চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি তার সিদ্ধান্তের কথা জানান। উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানোর পর বিষয়টি পুলিশ বাহিনীর ভেতরে বিস্ময়ের সৃষ্টি করেছে। এদিকে জানুয়ারিতে তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।