লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। জানা গেছে, সরকারের মেয়াদকাল শেষ হওয়ার আগেই প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে কয়েকজন এখনো পাসপোর্ট জমা দেননি। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সরকারের এক কর্মকর্তা জানান, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদকাল ধরে এবং অতিরিক্ত ছয় মাস পর্যন্ত ইস্যু করা হয়। মেয়াদ শেষ হলে তা নবায়নের সুযোগ থাকে না। ফলে নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্টদের পাসপোর্ট জমা দিতেই হবে।
বিদায়ী উপদেষ্টাদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের তালিকায় রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও অনেকে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করেছে। দলটির নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন।