৪৪তম বিসিএসের নন ক্যাডার পদের ফল প্রকাশ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদের জন্য ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধা ও পছন্দক্রম বিবেচনা করে মোট ৪,১৩৬ জন প্রার্থীকে বিভিন্ন সরকারি দপ্তরে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। পিএসসি জানিয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০২৩-এর বিধি ৬ অনুসরণ করে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের শূন্য পদে প্রার্থীদের পদায়ন করা হবে।

মনোনীত প্রার্থীদের মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন এবং পাসপোর্ট অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ১৪ জন দায়িত্ব পালন করবেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরেও ১৯ জন প্রার্থীকে ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দশম গ্রেডের পদে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কয়েকশ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৮ জন মনোনীত হয়েছেন।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টরের মতো কিছু বিশেষায়িত পদে যোগ্য প্রার্থী না থাকায় মনোনয়ন দেওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495