বাংলাদেশে ঢুকছে দুই লাখ কোটি টাকার জাল নোট: সতর্ক করলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার লক্ষ্য নিয়ে পার্শ্ববর্তী দেশের সহায়তায় প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে প্রবেশ করছে। এই তথ্য তিনি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন।
জুলকারনাইন সায়ের বলেন, “বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন রুটে এই জাল নোট আনা হচ্ছে। নোটের কাগজ বাংলাদেশের বৈধ নোটের কাগজের মতো হওয়ায় খালি চোখে বা ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট চিহ্নিত করা কঠিন। হলোগ্রাম এবং প্রিন্টিং অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বিশেষ ব্যবস্থায় দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এই নোট প্রিন্ট করা হয়েছে। জুলকারনাইন সায়ের লিখেছেন, “এই নকল নোট কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম অর্থায়নের জন্য ব্যবহার করা হচ্ছে।”
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডস, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই অবগত এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এছাড়া সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন।