আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের ওপর জনগণের প্রত্যাশা অনেক। তাই আমরা দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের সঙ্গে সমন্বয় করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারের অগ্রাধিকার নির্ধারণে একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরিকল্পনা প্রণয়ন ও পরামর্শ উপস্থাপনের নির্দেশ দেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএম এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।