ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা প্রদান শুরু করবে সরকার—এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। পূর্বঘোষণা অনুযায়ী ঈদের আগেই ধর্মীয় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে।
মাহদী আমিন বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম পরিচালিত হয়েছে। সেখানে মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে। খুব শিগগিরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঈদের আগেই বেশ কিছু উদ্যোগের বাস্তবায়ন শুরু হবে।