মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে কেন্দ্র দখল ও হামলার অভিযোগ এনে প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ অভিযোগ করেন, মামুনুল হকের নির্দেশে তাঁর সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করা হবে।
এ সময় মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি জানান, এলাকায় নজরদারি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স বৃদ্ধি এবং টহল জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে।