ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন যে ৭ শ্রেণির মানুষ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় সব পরিবার সমানভাবে ফ্যামিলি কার্ড পাবেন না। প্রণীত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট সাতটি শ্রেণিকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণিগুলো হলো- ভূমিহীন পরিবার, গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, হিজড়া জনগোষ্ঠী, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং দশমিক ৫ একর বা তার কম জমির মালিক পরিবার।

এ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন–২০২৬’ শীর্ষক একটি নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালার মূল দর্শন নির্ধারণ করা হয়েছে— “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।”

জানা গেছে, শিগগিরই প্রজ্ঞাপন আকারে নীতিমালাটি জারি করা হবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী নিজেই পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495