সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিকদের মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি জানান, অভিযানের সঙ্গে জড়িত চার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরও দুই থেকে তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সোমবার রাতে মাসুদ আলমের নেতৃত্বে উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় কিছু পুলিশ সদস্য শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের মারধর ও হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমের অপসারণ দাবি করেন।