১৩ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। তবে প্রাথমিক কোনো প্রতিবেদনে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭.২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার হওয়ায় কম্পন মৃদু হলেও অনেক এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
এর আগে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.১ এবং এটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় স্থায়ী ছিল। উৎপত্তিস্থল তখন প্রতিবেশী দেশ মিয়ানমার এবং গভীরতা ছিল ১০১ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল।