আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ২৭ ফেব্রুয়ারি হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করবেন। সরকারি আবাসন পরিদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এই ভবনে অবস্থান করছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট শপথ গ্রহণের পর থেকে এখানেই তার সরকারি বাস ছিল। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডের যমুনা ভবনকে সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হলে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা বিবেচনায় নেওয়া হলেও সময়স্বল্পতা ও অন্যান্য কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্বকালেই অধ্যাপক ইউনূস কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দেন। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পর্যায়ের প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন, যাদের অধিকাংশই নির্বাচনের আগেই তা জমা দেন।

সূত্র জানায়, অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘তিন শূন্য’ দর্শন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—নিয়ে ভবিষ্যতে নানা উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো নির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।

এদিকে বিদেশ থেকেও তিনি বিভিন্ন সফরের আমন্ত্রণ পেয়েছেন। এসব কার্যক্রমের সমন্বয় করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথাও সরাসরি, কোথাও অনলাইনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে। আগামীকাল যমুনা ভবন ত্যাগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তার সরকারি আবাসনের এই অধ্যায়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495