৭ জেলায় বন্যার শঙ্কা: নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্ক করলো বন্যা পূর্বাভাস কেন্দ্র
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
ভারী বর্ষণের কারণে দেশের অন্তত ৭ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার বুলেটিনে এ সতর্কতা জারি করেছে।
পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিনে এ পানি আরও বাড়তে পারে। এর ফলে ফেনী জেলার মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম জেলাতেও ফেনী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও পূর্বাভাস বলছে, তৃতীয় দিন থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করবে।
একই সময়ে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে পুনরায় তা বৃদ্ধি পেতে পারে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
ময়মনসিংহ বিভাগেও বন্যার ঝুঁকি রয়েছে। কংস নদীর পানি কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চল বন্যায় আক্রান্ত হতে পারে।
এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার দেখা দিচ্ছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এটি আজ রাতে ভারতের উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
* সার্বিকভাবে, বিশেষজ্ঞরা বলছেন, চলমান আবহাওয়া পরিস্থিতি সাময়িক বন্যার পাশাপাশি ফসল ও গ্রামীণ জীবনে প্রভাব ফেলতে পারে।