২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৪ মার্চ) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভোটার ও প্রার্থীরা এখন প্রতিটি ভোটকেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগেই এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।