ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৪৭ জনের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সড়কপথ যেন একপ্রকার মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। পুরো মাসজুড়ে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন এক হাজার ১৮১ জন।

শুক্রবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা পর্যবেক্ষণ শাখা এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু সড়কপথ নয়, রেল ও নৌপথও ফেব্রুয়ারি মাসে নিরাপদ ছিল না। ওই মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১১ জন আহত হন। একই সময়ে নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ৫ জন আহত হন।

সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭৭ জন এবং আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন এক হাজার ১৯৭ জন।

পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ফেব্রুয়ারি মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১৫ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, ৩ জন সেনা সদস্য, ১ জন অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মী এবং ২ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া ৮৫ জন চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু ও ৪৭ জন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার ৪১ দশমিক ৭৪ শতাংশ ঘটেছে যানবাহনের চাপায় এবং ৩৩ দশমিক ২৫ শতাংশ ঘটেছে মুখোমুখি সংঘর্ষে।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, ৪২ দশমিক ৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে।

প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ। পাশাপাশি উপসড়ক থেকে হঠাৎ প্রধান সড়কে যানবাহন উঠে আসা এবং মহাসড়কে পর্যাপ্ত সড়ক নির্দেশনার অভাবও দুর্ঘটনা বাড়াচ্ছে।

এছাড়া সড়ক পরিবহন খাত পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি, প্রশাসনিক জটিলতা ও নীতিগত দুর্বলতাকেও বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা, নসিমন-করিমন এবং মোটরসাইকেলের অবাধ চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সংগঠনটি জানিয়েছে, দক্ষ চালকের অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং বিরামহীনভাবে গাড়ি চালানোর প্রবণতা সড়কে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত বড় ধরনের সংস্কার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495