ঈদ ও শবেকদর উপলক্ষে সরকারি ছুটি কত দিন বাড়ল?
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
আসন্ন শবেকদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ ২০২৬ তারিখে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত এই ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এর ফলে শবেকদর ও ঈদুল ফিতরকে ঘিরে টানা ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির সময়সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ।
ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে।
এরপর আবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ঈদের পরেও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।