ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।
তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন।
এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ থেকে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।
বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা। একইভাবে প্রতিটি খ্রিস্টান চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এ অর্থ থেকে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
সরকারি এ কর্মসূচির আওতায় ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ বোনাস দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মসজিদে কর্মরতদের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বছরে দুইবার ১ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। আর দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে ২ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
তবে যেসব মসজিদ সরকারি বা দেশি-বিদেশি সংস্থার অনুদান পেয়ে থাকে, সেসব প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসবে না বলে জানান উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। সম্মানীর অর্থ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ সুবিধা চালু করা হবে।