এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে কয়েকবার সফরের সময়সূচি ঠিক হলেও পরে তা পরিবর্তন করা হয়।
সরকার ২০১৯ সালে দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয়। ওই প্রকল্পের অংশ হিসেবে ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম’ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে এই কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
তবে এই সফরের ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবসাপ্রতিষ্ঠান ডানহাম–বুশ।
বিদেশ সফরের অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি প্রকল্প পরিচালকসহ সাতজন কর্মকর্তা এসি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের অনুমতি নেন।
চিঠিতে বলা হয়, ‘সেফটি ফ্যাসিলিটিজ, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট অব এইচভিএসি সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নিতে তারা যুক্তরাষ্ট্রে যাবেন। প্রথমে সফরের সময় নির্ধারণ করা হয়েছিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। তবে নির্ধারিত সময়ে সফরটি হয়নি।
পরে আবার ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। কিন্তু দ্বিতীয়বারও সফর বাস্তবায়ন হয়নি। সর্বশেষ গত ৪ মার্চ মন্ত্রণালয় থেকে নতুন করে অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রশিক্ষণে অংশ নেবেন।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর অর্জিত জ্ঞান প্রকল্পে প্রয়োগ করা হবে। ভবিষ্যতে এইচভিএসি সিস্টেমের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদেরই পালন করতে হবে।
অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র থেকে এই প্রশিক্ষণ নেওয়া প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে প্রকল্প ব্যবস্থাপনায় এটি কাজে লাগবে।