ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের বিষয়টি সংসদের সামনে উত্থাপন করেন। এ সময় তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে।
সভাপতি আরও জানান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকারের দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন। এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন।
পরে প্রস্তাবটি সংসদে ভোটের জন্য উত্থাপন করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।