রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের প্রথম) অধিবেশনের কার্যসূচি নির্ধারণ, সময় বণ্টন এবং অধিবেশনের স্থায়িত্ব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
এ ছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে রয়েছে ৮টি প্রশ্ন এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৪৬০টি। এছাড়া বিধি ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি ১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাব জমা পড়েছে ৯৭টি।