২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ এএম
প্রায় দুই দশক আগে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও রাজনৈতিক কারণে বঞ্চিত হওয়া ৩৩০ জন পুলিশ সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৬ সালে দেওয়া তৎকালীন নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সে সময় নিয়োগের জন্য নির্বাচিত ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন উপপরিদর্শক (নিরস্ত্র)-এর নিয়োগ ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, যদি ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল না হতো, তাহলে তারা যেদিন স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
এছাড়া মৌলিক প্রশিক্ষণকালসহ শিক্ষানবিশ সময় সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের আগে প্রার্থীদের তথ্য-যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।