আজ চাঁদ দেখা কমিটির সভা, সন্ধ্যায় জানা যাবে ঈদুল ফিতর কবে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর যদি চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে আগামী শনিবার ঈদ উদযাপিত হবে।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব উদযাপিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করায় ঈদের তারিখ ঘিরে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কেনাকাটা। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সবাই। এখন সবার দৃষ্টি আকাশের দিকে, শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায়।