বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে দেশ-জাতির কল্যাণে দোয়া
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। দেশের ওপর নেমে আসা বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন মুসল্লিরা।
এছাড়া পবিত্র রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়। মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের জান্নাত দানের জন্য প্রার্থনা জানানো হয়।
মোনাজাতে অনেক মুসল্লিকে অশ্রুসজল চোখে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে দেখা যায়। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলো সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী গ্রন্থাগারিক মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।