নতুন দুই জাতীয় দিবস ঘোষণা, তবে আপাতত ছুটি নয়
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ এএম
বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন দিন-৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার এ দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে দিনগুলোকে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দুই দিনে সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
গতকাল সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে, যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও অবদান ছাড়াও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে ৭ অক্টোবর—শহীদ আবরার ফাহাদ দিবস এবং ২৫ ফেব্রুয়ারি—বিডিআর হত্যাকাণ্ড দিবস (বিডিআর ম্যাসাকার দিবস) জাতীয় দিবস হিসেবে যুক্ত করা হয়েছে।
তবে এই দুই দিনে সরকারি ছুটি থাকবে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত এ দুটি দিবসে ছুটি থাকবে না। ভবিষ্যতে প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।