যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা তৈরি করায় দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প মালিকদের সংগঠন এক জরুরি বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় সারাদেশে পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।
রোববার রাতে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা এখন অত্যন্ত নাজুক। তেল বিপণনকারী প্রতিষ্ঠান থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ গ্রাহকদের ন্যূনতম চাহিদাও পূরণ করা যাচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালক ও জরুরি যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পে কর্মরতদের ওপর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। জ্বালানি দিতে না পারায় তাদের প্রায়ই ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় কর্মীদের পক্ষে টানা দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।
পাম্প মালিকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সময়মতো জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো সময় অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।