‘এক-এগারোর’ আলোচিত সাবেক জেনারেল, কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ‘এক-এগারো’র আলোচিত সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ‘এক-এগারো’ নামে পরিচিত রক্তপাতবিহীন সেনা হস্তক্ষেপের সময় তিনি জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই কমিটির মাধ্যমে দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক ও জিজ্ঞাসাবাদ করা হতো এবং পরে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হতো।
সে সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আটক করা হয়। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর তারেক রহমানকে সামরিক গোয়েন্দা হেফাজতে নির্যাতন করা হয়েছিল, যা গুরুতর অবস্থার সৃষ্টি করেছিল। এ ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে কিছু কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ব্যক্তিগত জীবনে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে খালেদা জিয়ার পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের ভায়রা ভাই হিসেবে তিনি পরিচিত। সেনা জীবনে তিনি নবম ডিভিশনের দায়িত্ব পালনের পাশাপাশি যৌথ বাহিনীর কার্যক্রমও তত্ত্বাবধান করেন।
২০০৭ সালের জরুরি অবস্থার সময় তত্ত্বাবধায়ক সরকারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সে সময় সামরিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল বলে আলোচনা রয়েছে।
২০০৮ সালের জুনে সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কের অবনতি হলে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হয়। পরবর্তীতে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল রাখে।
সেনা থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া জনশক্তি রপ্তানি ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ফেনীতে আন্দোলনের সময় নির্বিচার গুলিতে অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে চলার পর অবশেষে সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।