মহান স্বাধীনতা দিবস আজ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের।
একাত্তরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের মধ্যেই ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে শুরু হয় ভয়াবহ গণহত্যা। ওই রাতেই ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মানুষের ওপর বৈষম্য ও শোষণ শুরু হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার দিকে এগিয়ে যায়। ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি এবং ২৫ মার্চের গণহত্যাই স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত রূপ দেয়।
আজকের দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। তাদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীনতা।
দিবসটি উপলক্ষে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও শ্রদ্ধা নিবেদন করবেন।
আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও উড়োজাহাজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এছাড়া সারা দেশে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া এবং গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক নানা অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।