দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজে জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন পুরো আয়োজনের দায়িত্ব পালন করে। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল এস এম আসাদুল হক এবং উপ-অধিনায়ক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম।

কুচকাওয়াজে বিভিন্ন বাহিনীর মোট ২৫টি কন্টিনজেন্ট অংশ নিয়ে রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। সম্মিলিত যান্ত্রিক বহরের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। সুসজ্জিত বাহনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনী ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

এছাড়া আকাশপথে ফ্লাইপাস্ট এবং দুঃসাহসিক প্যারা কমান্ডোদের ফ্রি ফল জাম্প প্রদর্শনী কুচকাওয়াজকে আরও আকর্ষণীয় করে তোলে। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ আকাশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন এয়ার কমোডর মেহেদী হাসান।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এছাড়া প্যারেড মাঠে বিভিন্ন বাহিনীর কর্মকাণ্ডের চিত্র প্রদর্শন করা হয়।

এই আয়োজন সফল করতে গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495