হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং ভারতে গ্রেফতার আসামিদের ফেরাতে বন্দিবিনিময় চুক্তি অনুসারে অনুরোধপত্র পাঠানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি জানান।
তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুজন এবং পরে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আমাদের দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন তারা বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘গ্রেফতারি পরোয়ানা এবং আনুষ্ঠানিক অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের আইনমাফিক বাংলাদেশে হস্তান্তর করা হবে।’
এ সময় মহান স্বাধীনতার ইতিহাসও তুলে ধরে তিনি বলেন, ‘২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হত। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা দেওয়া হয়।’